প্রযুক্তির কল্যাণে সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর পড়াশোনা চলমান রাখতে পেরেছি : পলক

৮ মে, ২০২১ ১৩:১৮  
করোনায় স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্ত আইসিটি বিভাগের মুক্তপাঠ অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা দেশের সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর পড়াশোনা চলমান রাখতে পেরেছি। ডিজিটাল বাংলাদেশের কারণেই তা সম্ভব হয়েছে। আজ শনিবার বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে নাটোর জেলার সিংড়া পৌর এলাকার কর্মহীন, অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার ভিজিএফের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশের বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও ডিজিটাল মাধ্যমে সকল আইনগত সেবা পাওয়া সম্ভব হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আদালত বন্ধ হলেও মাইকোড সিস্টেমে প্রায় ১ লক্ষ মানুষের জামিন শুনানি করে তাদের আইনগত সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে। টেলিমেডিসিনের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ ঘরে বসে স্বাস্থ্য সেবা নিয়েছে যা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণেই বললেন পলক।